ক্যান্সারে হার মানলেন ইউটিউবের সুসান ওজস্কি
ইউটিউবের সাবেক সিইও সুসান ওজস্কি শনিবার মারা গেছেন। গত দুই বছর ধরে তিনি ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর।
ফেসবুক পোস্টে এই তথ্য শেয়ার করেছেন ওজস্কির স্বামী ডেনিস ট্রপার। পোস্টে তিনি লিখেছেন, "গভীর দুঃখের সাথে খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার ২৬ বছরের প্রিয়তমা স্ত্রী সুসান ওজস্কির এবং আমাদের পাঁচ সন্তানের মা আজ ২ বছর নন-স্মল সেল ফুসফুসের ক্যান্সারে জীবনযাপন করার পরে আমাদের ছেড়ে চলে গেছেন।"
এক ব্লগ পোস্টে গুগল’র প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেছেন, “গত দুই বছর ধরে, এমনকি তিনি যখন অনেক ব্যক্তিগত সমস্যা মোকাবেলা করেছেন, সুসান তার পরোপকারের মাধ্যমে বিশ্বকে আরও ভালো করার জন্য নিজেকে নিয়োজিত করেছেন, যার মধ্যে সেই রোগের জন্য গবেষণায় সহায়তা করা যা শেষ পর্যন্ত তার জীবন নিয়ে গেছে”।
১৯৯৮ সালে গুগলে যোগ দিয়ে পরের বছর গুগলের প্রথম মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন তিনি। সে সময়ে অনলাইনের বিজ্ঞাপন বিষয়ে কাজ করতে গিয়ে তিনি ইউটিউব অবজার্বেশনে মনোযোগ দেন এবং তখন ইউটিউবকে অধিগ্রহণের প্রস্তাব দেন গুগলের শীর্ষ কর্তাদের। উনার পরামর্শ ক্রমেই ২০০৬ সালে ইউটিউব অধিগ্রহণ করে গুগল। ২০১৪ সালে তিনি ইউটিউবের সিইও হিসেবে দায়িত্ব পান এবং গতবছর সে দায়িত্ব ছাড়েন।







